|
31 May 2012
সচিবালয়ে বোমা বিস্ফোরনের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ১৮ দলীয় জোটের
২৯ নেতার বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দিয়েছে ডিবি পুলিশ। অন্যদিকে আদালতে ভাংচুরের মামলায় বিএনপিপন্থী ২৫ আইনজীবীর বিরুদ্ধেও অভিযোগপত্র সিএমএম আদালতে জমা দিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। এর আগে এই মামলায় বিএনপির ২২ আইনজীবীকে তেসরা জুন পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। ২৯শে এপ্রিল বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালে সচিবালয়ের সামনে দুটি হাতবোমার বিস্ফোরন ঘটে। এই ঘটনায় ঐদিনই পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় বিস্ফোরক আইনে মামলা করে। পরে ডিবি পুলিশ মামলার তদন্তভার নেয়ার একমাসের মাথায় বৃহস্পতিবার সিএমএম আদালতে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশারফ হোসেন, কর্ণেল অলি এবং আন্দালিব রহমান পার্থসহ ২৯জনকে আসামী করা হয়। মামলাটি বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌশুলী। অন্যদিকে আদালতে ভাংচুরের মামলায় ঢাকা বারের আইনজীবী সমিতির সভাপতি বোরহান উদ্দিনসহ বিএনপিপন্থী ২৫ আইনজীবীর বিরুদ্ধে অভিযোগপত্র সিএমএম আদালতে জমা দিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। এর আগে উচ্চ আদালতের নির্দেশে বিচারিক আদালতে জামিন নিতে আসেন বিএনপিপন্থী ২২ আইনজীবী। শুনানি শেষে তেশরা জুন তাদের জামিন আবেদনের শুনানীর দিন ধার্য করা হয়। বিএনপিপন্থী ২৯ জন আইনজীবীসহ অজ্ঞাতনামা শতাধিক ব্যাক্তিকে আসামী করে কোতোয়ালী থানা পুলিশ মামলাটি দায়ের করে।



