|
09 June 2012

কোন ধরণের অগ্রগতি ছাড়াই ইরানের সঙ্গে পরমানু আলোচনা শেষ হওয়ায় উদ্বেগ জানিয়েছে
জাতিসংঘ আনবিক শক্তি সংস্থা- আইএইএ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত বৈঠকে চলমান পরমানু কর্মসূচি বন্ধের দাবি জানায় আইএইএ। তবে শান্তিপূর্ণ দাবি করে আবরো এ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইরান। এদিকে চীন সফররত ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে পরমানু ইস্যু নিয়ে আলোচনায় আরো আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট হু জিন তাও। এর আগে আইএইএ ও চীনের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করে ইরান। আগামী মাসে ইস্যুটি নিয়ে রাশিয়ার মস্কোয় ৬ জাতি আলোচনা আবারো শুরু হবে।
দাঙ্গায় ৯ নিহত
মিয়ানমারের বাংলাদেশ সীমান্তের এক দাঙ্গায় ৯ নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক। রাখাইন প্রদেশের মংডু জেলায় মুসলমান রোহিঙ্গা এবং বৌদ্ধ রাখাইনদের মধ্যে এ দাঙ্গা হয়। শুক্রবার জুমার নামাজের পর বৌদ্ধরা মসজিদে ইট ছুড়লে এ দাঙ্গা শুরু হয় বলে দাবি করেছে রোহিঙ্গরা। এ ঘটনায় চারজন বৌদ্ধ নিহত হয়েছে বলে জানিয়েছে সরকারের একজন শীর্ষ কর্মকর্তা। তবে রোহিঙ্গাদের দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে তাদেরও পাঁচজন নিহত হয়। দাঙ্গার পর ওই জেলায় সান্ধ্য আইন জারি করা হয়েছে। গেলো সপ্তাহে একই প্রদেশের বৌদ্ধদের হামলায় ১০জন মুসলমান নিহত হয়।
প্রার্থিতা বাতিলের দাবিতে
মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে আহমেদ শফিকের প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। রাজধানী কায়রোসহ বেশ কয়েকটি বড় শহরে জড়ো হয় বিক্ষোভকারীরা। এসময় আহমেদ শফিককে নিষিদ্ধ করার দাবিতে শ্লোগান দেয় তারা। এদিকে মুসলিম ব্রাদারহুড প্রার্থী মোহাম্মদ মুরসির বিরুদ্ধে হোসনি মুবারকের আমলে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ এনেছেন শফিক। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ব্রাদারহুডের মুখপাত্র। আসছে ১৬ ও ১৭ ই জুন দ্বিতীয় দফা নির্বাচনে মোহাম্মদ মুরসির সঙ্গে লড়বেন তিনি।
শান্তিরক্ষা বাহিনীর ৭ সেনা
আইভরি কোস্টে বিদ্রোহীদের হামলায় শান্তিরক্ষা বাহিনীর ৭ সেনা নিহত হয়েছে। জাতিসংঘের মুখপাত্র জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাইবেরিয়া সীমান্তে একটি গ্রামে এ হামলা চালানো হয়। নিহতরা সবাই নাইজারের সেনা। ওই গ্রামে জাতিসংঘের ৪০ জন সেনা কর্মরত রয়েছেন। এদিকে এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। গৃহযুদ্ধ ও রাজনৈতিক সংকটের কারণে ২০০৪ সালে দেশটিতে শান্তিরক্ষী বাহিনী নিয়োজিত করার পর এটিই প্রথম হামলা।
কুকুর দুধ পান করিয়ে
চীনে একটি কুকুর দুধ পান করিয়ে রক্ষা করছে চার বাঘ শাবকের জীবন। জন্মগতভাবেও এই বাচ্চাগুলো সাধারণ বাঘের চেয়ে ব্যতিক্রম। জন্মের পর থেকে শাবকগুলোর দুধ পান করাতে অনীহা দেখায় তাদের মা। এরপর থেকে নিয়মিত ওই কুকুরটি দুধ পান করাচ্ছে তাদেরকে। যদিও কুকুরটির নিজেরও দুটি বাচ্চা রয়েছে। চিড়িয়াখানার রক্ষক জানিয়েছেন, বাচ্চাগুলোর সঙ্গে নিজের বাচ্চার মত আচরণ করছে ওই কুকুরটি। চকলেট রংয়ের ডোরাকাটা দাগ, সাদা রং ও নীল চোখের জন্য, অন্য বাঘদের চেয়ে আলাদা করেছে এদের।
ক্ষমা চেয়েছে ন্যাটো
আফগানিস্তানে বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ায় ঘটনায় ক্ষমা চেয়েছে ন্যাটো। তালেবানদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করে ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল জন এ্যালেন। তিনি জানান, হামলায় ভুলক্রমে সাধারণ নাগরিকরা নিহত হয়েছে। এর আগে ন্যাটো বাহিনীকে হামলার জন্য দায়ি করে এর তীব্র নিন্দা জানান আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। এছাড়া সংক্ষিপ্ত করেছেন তার চীন সফরও। বুধবার লোগার প্রদেশে চালানো ওই হামলায় নারী ও শিশুসহ একই পরিবারের ১৮ জন নিহত হয়।



