|
09 July 2012

আবারো মঙ্গল গ্রহের ভূ-দৃশ্যের ছবি প্রকাশ করেছে নাসা। কয়েক মাস ধরে ছবি সংগ্রহের পর রোববারে দুটি নতুন
ছবি প্রকাশ করেছে বিশ্ব খ্যাত এ মহাকাশ গবেষনা কেন্দ্র। প্যানোর্যামিক ক্যামেরায় ৩৬০ ডিগ্রী কোণ থেকে তোলা হয় ছবিগুলো। প্রথম ছবিটিতে মঙ্গল গ্রহের ভূখন্ডের শীতকালীন রূপ ফুটে উঠেছে।নাসা বিজ্ঞানীরা জানিয়েছে, মঙ্গল গ্রহের যে ভূখন্ডটির চারপাশে মারস এক্সপ্লোরেসন রোভার অপরচুনিটি ঘুরছিল তার দৃশ্য তুলে ধরা হয়েছে প্রথম ছবিটিতে।আর দ্বিতীয় ছবিটিতে প্রকাশ পেয়েছে মঙ্গল গ্রহের আগ্নেয়গিরির জ্বালামুখের দৃশ্য।এ দৃশ্যগুলোকে নাসা বিজ্ঞানীরা “গ্রিলি প্যানোরামা” বলে আখ্যায়িত করেছেন।
সিরিয়ায় সহিংসতা
সিরিয়ায় সহিংসতা বন্ধে ও শান্তি প্রতিষ্ঠায় দেশটিতে এখনই রাজনৈতিক হস্তক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করলেন জাতিসংঘ ও আরবলিগের বিশেষ দূত কফি আনান। সোমবার দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানান আনান। আন্তর্জাতিক সমপ্রদায় রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে সিরিয়া সংঘর্ষ বন্ধে একযোগে কাজ করছে বলেও উল্লেখ করেন আনান। গেলো এপ্রিলে আনান উভয় পক্ষকে অস্ত্রবিরতি কার্যক্রমের আহ্বান জানালেও তা বাস্তবায়িত হয়নি। এদিকে বাইরের দেশগুলো থেকে বিরোধীদের সাহায্য করায় সিরিয়া পরিস্থিতি আরো অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট আসাদ। অন্যদিকে রোববার নিরাপত্তা বাহিনীর বোমা হামলায় দামেস্ক, হোমস, আলেপ্পো, দেরাসহ বিভিন্ন শহরে অন্তত ১০০ জন নিহত হয়েছে।
সু চি পার্লামেন্ট
দুই দশকের সংগ্রামের পর মিয়ানমারের বিরোধীদলীয় নেতা হিসেবে প্রথমবারের মতো সংসদে বসেছেন দেশটির গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চি। পার্লামেন্ট ভবনে পৌঁছাবার সাথে সাথেই সংবাদকর্মীরা ঘিরে ধরেন তাঁকে। ঐতিহ্যবাহী বার্মিজ লং স্কার্টের উপর হালকা নীল রঙের জ্যাকেট ও কালো লুঙ্গি পড়ে সু চি মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেইপেতুতে পৌঁছান। পার্লামেন্ট ভবনের নিম্নকক্ষে তিনি অধিবেশনে যোগ দেন। এই অধিবেশনে একজন ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেয়া হবে। এর আগে গত বুধবার পার্লামেন্টের আরেকটি অধিবেশন অনুষ্ঠিত হয়। কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে সু চি সেই অধিবেশনে যোগ দিতে পারেননি।
জুলিয়ান অ্যাসাঞ্জ
উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে সুইডিস সরকারের কাছে হস্তান্তরের সময়সীমা শেষ। এখনও নেয়া হয় নি সুনির্দিষ্ট কোন সিদ্ধান্ত। এখন পর্যন্ত জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনস্থ ইকুয়েডর দূতাবাসে রয়েছেন বলে জানানো হয়েছে। গেলো ১৯ জুন ইকুয়েডরের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেও অ্যাসাঞ্জকে এ ব্যাপারে কোন নিশ্চয়তা দেয়নি ইকুয়েডর সরকার । এদিকে ৭ জুলাই ছিল সুইডিস সরকারের কাছে অ্যাসাঞ্জের আত্মসমর্পণের শেষ দিন। তবে অ্যাসাঞ্জের আবেদনকে এখনও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে ইকুয়েডর সরকার।



