|
10 July 2012
নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মানের কথা আবারো উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দাতাগোষ্ঠীর ওপর নির্ভরতা
কমিয়ে বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মঙ্গলবার ঢাকায় জেলা প্রশাসকদের তিনদিনের সম্মেলনের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এমন প্রত্যয় জানিয়েছেন। তিনি সেবার মনোভাব নিয়ে দরিদ্র ও নিম্ন আয়ের জনগোষ্ঠী সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠানে দেশের ৬৪টি জেলার প্রশাসকদের প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তদারকি, ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলার উন্নয়নে সব সময় সক্রিয় থাকার নির্দেশ দেন। এ সময় বহুল আলোচিত পদ্মাসেতু প্রকল্প সফল করতে সারাদেশের উৎসাহ-উন্মাদনা তৈরি হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি উৎপাদন, স্বাস্থ্যসেবা জনগনের নাগালের মধ্যে নিতে কমিউনিটি ক্লিনিকগুলোকে আরো সক্রিয় করতে ভূমিকা রাখার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালীকরণ, প্রশাসনিক কার্যক্রমে গতি আনার ওপর তাগিদ দিয়েছেন। এর আগে জেলা প্রশাসকরা তাদের দাবি দাওয়া তুলে ধরেন।



