23 January 2012
মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষনাবেক্ষন নিয়ে টানাপোড়েন চলছে সরকারের মধ্যেই। সরকার ও সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের সঙ্গে জাইকা'র সমঝোতা স্মারক অনুযায়ী মেট্রোরেলের জন্য ঢাকা মাস ট্রানজিট কোম্পানি- ডিএমটিসি গঠনের কথা থাকলেও প্রকল্প বাস্তবায়ন ও পরিচালনা করতে চাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আবারো প্রকল্প পিছিয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। মেট্রোরেলের ডিপোর স্থান ও সংসদ ভবনের পাশ দিয়ে রুট নির্ধারণ নিয়ে সৃষ্ট জটিলতার কিছুটা অবসান হলেও উদ্ভূত পরিস্থিতি প্রকল্পটি অনিশ্চিত করে তুলেছে। এ জটিলতার অবসানে সর্বোচ্চ পর্যায়ে হস্তক্ষেপ জরুরি হয়ে দেখা দিয়েছে। ইতিপূর্বে সম্পাদিত সমঝোতা স্মারকে ডিটিসিবিকে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালনার জন্য ডিএমটিসি গঠনের কথা বলা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও এ ধরনের কোম্পানির মাধ্যমে মেট্রোরেল পরিচালিত হচ্ছে। রেলওয়ে এখন এর সঙ্গে দ্বিমত করে প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ ও মেট্রোরেল পরিচালনার দায়িত্ব নিতে চাচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, রেলওয়ে আর মেট্রোরেল দুটি সম্পূর্ণ ভিন্ন ধারনা। ফলে এ নিয়ে বিতর্ক সৃষ্টি করলে প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে।
ডিটিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ের দ্রুত সুরাহা না হলে মেট্রোরেল নিয়ে যা অগ্রগতি হয়েছে তা আরো জটিলতার মধ্যে পড়বে।
সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী প্রকল্পটির ঋন সহায়তার ব্যাপারে জাপান সরকারের ইতিবাচক যে দৃষ্টিভঙ্গি পাওয়া গেছে তাকে কাজে লাগিয়ে দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়াটাই এখন সবচেয়ে জরুরী বলে মত দেন সংশ্লিষ্টরা।
