ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের বাছাই পর্বে জার্মেইন ডিফোর হ্যাটট্রিকে বুলগেরিয়ার বিরুদ্ধে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে
ইংল্যান্ড। বিশ্বকাপ জয়ী স্পেন, সাবেক চ্যাম্পিয়ন ইতালিও নিজ নিজ গ্রুপে জয় পেয়েছে। জয় তুলে নিয়েছে জার্মানিও, তবে আরেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স দুর্বল ফুটবল শক্তি
বেলারুশের কাছে ১-০ গোলে হেরে গেছে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ বাছাইপর্বের গ্রুপ জি তে বুলগেরিয়াকে স্বাগত জানায় ইংল্যান্ড। জার্মেইন ডিফো ও ওয়েইন রুনিকে নিয়ে আক্রমণ ভাগ গড়া ইংল্যান্ডকে ৩ মিনিটের সময় এগিয়ে নেন ডিফো। প্রথমার্ধে আর গোল না হলেও খেলার নিয়ন্ত্রণ বজায় রেখে দ্বিতীয়ার্ধে আরো তিন গোল আদায় করে নেয় ইংলিশরা। ৬১ মিনিটে ডিফোর দ্বিতীয় গোলের পর ৮৩ মিনিটে জনসন গোল করেন। ৮৬ মিনিটের সময় ডিফো তার হ্যাট্রট্রিক পূর্ণর্ করলে ওয়েম্বলিতে উপস্থিত ৭৪ হাজার দর্শককে বড় জয় উপহার দেয় ফ্যাবিও ক্যাপোলোর শীর্ষরা। এদিকে পরাজয় পিছু ছাড়ছেনা ফ্রান্সের। বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন কোচ লরা ব্লার তত্বাবধানেও কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছেনা ফরাসিদের মধ্যে। নিজেদের মাঠেই বেলারুশ বদলি খেলোয়াড় সার্জেই কিসলিয়াকের ৮৬ মিনিটে করা গোলে হার মানে ফ্রান্স। অন্যদিকে গ্রুপ সি এর দল ইতালি ২-১ গোলে হারিয়েছে এস্তোনিয়াকে। ফরওয়ার্ড সার্জেই জ্যানজভের গোলে ২৯ মিনিটের সময় ম্যাচে লিড নেয় এস্তোনিয়া। তবে, দ্বিতীয়ার্ধের খেলায় প্রাধান্য বিস্তার করে ৫৯ মিনিটে গোল আদায় করে নেয় আজ্জুরিরা। ফরওয়ার্ড এন্টিনিও কাসানোর এই গোলের তিন মিনিটের মধ্যেই ডিফেন্ডার বোনাচ্চি দলের হয়ে জয়সূচক গোল করেন। শেষ পর্যন্ত এই স্কোর লাইন নিয়েই মাঠ ছাড়ে আজ্জুরিরা। বিশ্বকাপের তৃতীয় স্থানে থাকা জার্মানিও জয় পেয়েছে এদিন। প্রতিবেশী বেলজিয়ামে খেলতে গিয়ে গ্রুপ এ এর লড়াইয়ে ৫১ মিনিটে ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোজার দেয়া একমাত্র গোলে এই জয় পায় জার্মানি।
তিন ক্রিকেটারকে নিয়ে আইসিসি_পিসিবি দ্বন্দ্ব
স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত পাকিস্তানের তিন ক্রিকেটারকে নিয়ে ক্রিকেট বিশ্বে ধোয়াশার সৃষ্টি হয়েছে। আইসিসি কর্তৃক আসিফ, আমের ও সালমান বাটকে সাময়িক বহিস্কারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন ক্রিকেটারদের পক্ষ নিয়েছে। ক্রিকেটে এর আগেও ম্যাচ পাতানোর অনেক ঘটনা ঘটলেও এবারই প্রথম সংস্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডকে পাশ কাটিয়ে আইসিসি কোনো ক্রিকেটারদের বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও লন্ডনে পাকিস্তান রাষ্ট্রদূত ওয়াজিদ সামসুল। তিনি এই ঘটনার জন্য ভারতীয় বাজিকরদের দায়ী করেছেন। এবং ঘটনার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' ও জড়িত বলে দাবী করেছেন তিনি। অন্যদিকে আইসিসি অভিযুক্ত তিন ক্রিকেটারকে অভিযোগে জবাব দেয়ার জন্য ১৪ দিনের সময় বেধে দিয়েছে।

