বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশে গ্যাস ও বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাট হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন ২০০১ সালের পর বিএনপি-জামাত জোট সরকার যে হত্যা, গুম, ধর্ষণ করেছে তা ভাষায় প্রকাশ করার নয়। হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে কনডেনসেট প্লান্ট দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন শেষে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। দেশের জ্বালানী সংকট ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবিগঞ্জের বাহুবলে দু’টি গুরুত্বপূর্ণ প্লান্ট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামীলীগ সেবার মানসিকতা নিয়ে ক্ষমতায় এসেছে এবং কাজের মধ্য দিয়ে তা প্রমাণও করছে। এছাড়া বিএনপি-জামায়াত জোট সরকার পুরো শাসনামলে উন্নয়ন না করে, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিলো বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বাহুবলের মুছাই উপজেলায় কমেপ্রসার স্টেশন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে ডিউটি ও কোটা ফ্রি গার্মেন্টস পণ্য রপ্তানি এদেশের মানুষের প্রাণের দাবি। তিনি আশা করেন খুব শিগগিরিই মার্কিন সরকার বাংলাদেশকে এই সুবিধা দেবে। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশেনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনাও উপস্থিত ছিলেন।







