ঢাকা, বৃহস্পতিবার   ২৭ আগস্ট ২০২৬

গভীর রাতে বাড়িতে ঢুকে প্রেমিকার হাতের কব্জি বিচ্ছিন্ন করলো প্রেমিক

মেহেরপুরে প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৪৩, ২৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৪৮, ২৬ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

মেহেরপুর শহরে গভীর রাতে বাড়িতে ঢুকে প্রেমিকার ডান হাত কুপিয়ে কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সায়ন নামের এক যুবকের বিরুদ্ধে। এ সময় মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে প্রেমিকার বাবা ও মাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় ওই যুবক। 

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- লর্ড মার্কেট এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেন, তার স্ত্রী রেবেকা খাতুন এবং তাদের মেয়ে স্মৃতি আক্তার। 

স্মৃতি আক্তারের ডান হাত কবজির ওপর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

অভিযুক্ত শায়ন শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে শায়ন সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করে তার মেয়ে স্মৃতি আক্তারের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। একপর্যায়ে কুপিয়ে স্মৃতির ডান হাত কব্জির ওপর থেকে বিচ্ছিন্ন করে দেয়। 

মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার বাবা-মা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ওই যুবক। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শায়নকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। হামলার কারণ ও পূর্ববিরোধের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি