ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬

অবশেষে জামিন পেলেন নাবালক তিন সন্তানের সেই মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫০, ১৩ মে ২০২৬

Ekushey Television Ltd.

অবশেষে জামিন পেলেন নওগাঁ কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার (১৩ মে) বিকেল ৪টার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের আদেশে গত ১৫ দিন ধরে নওগাঁ জেলা কারাগারে বন্দি ছিলেন তিনি।

গত মার্চ মাসে মারা যান বাবা। একমাত্র আশ্র‍য় মাও জেলে। আর জেল গেটে এসে দিনের পর দিন দাঁড়িয়ে থাকে অসহায় শিশু সন্তানরা। সামান্য আইনী সহায়তা দেওয়ার কেউ ছিলনা অসহায় তিন প্রতিবন্ধী সন্তানের মায়ের।

এমন সংবাদ প্রচারিত হয় একটি বেসরকারি টেলিভিশিনে। যা নজর এড়ায়নি প্রধানমন্ত্রীর। এরপর সাথে সাথেই বিষয়টি খতিয়ে দেখতে ও অসহায় সেই নারীকে আইনী সহায়তা সহায়তা দেয়ার জন্য নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আইনি লড়াইয়ে নামেন। অবশেষে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে জামিন পান আঁখি খাতুন।

জানা গেছে, মঙ্গলবার রাতে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটকে পরিবারটির পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নাবালক তিন সন্তানের জননী আঁখি খাতুনের জামিনের ব্যবস্থা করা হয়। জামিনের পর বুধবারই তিনি কারাগার থেকে মুক্তি পান।

মুক্তির পর তিন সন্তানকে বুকে জড়িয়ে ধরেন আঁখি খাতুন। আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন পর সন্তানদের এভাবে কাছে পেয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। একইসঙ্গে তার সন্তানরাও মানবিক এই উদ্যোগে নতুন আশার আলো খুঁজে পায়।

এ বিষয়ে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শাহরিয়ার বলেন, “আমাকে জানানো হয়, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বসহকারে দেখার নির্দেশ দিয়েছেন। ওই নারী যেন আইন অনুযায়ী ন্যায়বিচার ও প্রতিকার পান, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে এবং অগ্রগতি জানাতে বলা হয়। এরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।”

তিনি আরও বলেন, বিষয়টি সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ রকনুজ্জামানের নজরে আনা হলে আদালত আসামিপক্ষকে আবেদন দাখিলের নির্দেশ দেন। পরে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু জায়েদ মোহাম্মদ রফিকুল আলম রফিক আবেদন উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সন্তুষ্ট হয়ে ওই নারীকে জামিন মঞ্জুর করেন।

তিনি বলেন, “ভদ্রমহিলা ইতোমধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তিনি এখন আমাদের এখানেও উপস্থিত আছেন। আইন অনুযায়ী তিনি যে প্রতিকার পাওয়ার অধিকারী ছিলেন, সেটিই তিনি পেয়েছেন।”

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি