ঢাকা, বুধবার   ১৩ মে ২০২৬

৯ বছর পর চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ১৩ মে ২০২৬ | আপডেট: ১০:০২, ১৩ মে ২০২৬

Ekushey Television Ltd.

মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যে বহুল প্রতীক্ষিত চীন সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ৯ বছর পর চীন সফরে গেলেন ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেন। বুধবার (১৩ মে) বেইজিংয়ে পৌঁছানোর পর তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে।  আগামী ১৫ মে পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন মার্কিন প্রেসিডেন্ট।

শি চিনপিংয়ের সঙ্গে তিনি ঐতিহাসিক ‘টেম্পল অফ হেভেন’ পরিদর্শন করবেন বৃহস্পতিবার (১৪ মে)।

বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে নিজ দেশে কিছুটা চাপে রয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতি সামাল দিতে চীনের কাছে আমেরিকার খাদ্যপণ্য ও বিমান বিক্রির বড় চুক্তি করতে চান তিনি। দুই দেশের বিরোধ মেটাতে একটি ‘বোর্ড অফ ট্রেড’ গঠনেরও পরিকল্পনা রয়েছে তার।

সফর প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা বিশ্বের দুই পরাশক্তি। সামরিকভাবে আমরাই সেরা, আর চীন দ্বিতীয়। শি চিনপিংয়ের সঙ্গে আমার আলোচনার প্রধান বিষয় হবে বাণিজ্য।’ মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম বাড়লেও এ বিষয়ে চীনের সহায়তা নিতে নারাজ ট্রাম্প।

তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ইরান পরিস্থিতি মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে, তাই এটি আলোচনার মূল বিষয় নয়।

এ সফরটি আরও আগে হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িত হওয়ায় ট্রাম্পের বেইজিং সফর পিছিয়ে যায়। ধারণা করা হয়েছিল, যুদ্ধ থামার পর তিনি চীন যাবেন। তবে যুদ্ধ এখন পর্যন্ত থামেনি। এরআগেই তিনি তার এ রাষ্ট্রীয় সফর শুরু করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি