ঝুঁকির মধ্যে পদ্মাসেতু! (ভিডিও)
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:২১ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার
পদ্মাসেতু প্রকল্পের শরীয়তপুর অংশে নাওডোবা কন্সট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ১ কিলোমিটার জায়গায় বিভিন্ন অংশে ভাঙছে নদী। এতে পদ্মাসেতু ঝুঁকির মধ্যে রয়েছে বলে আশংকা করছেন স্থানীয়রা।
এদিকে, অধিগ্রহণকৃত এলাকায় নিরাপদে আছেন বলে জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পরিচালক।
পদ্মাসেতু প্রকল্পের প্রথম কাজ হিসেবে ২০১৩ সালে ৯৬ কোটি টাকা ব্যয়ে নাওডোবা কনষ্ট্রাকশন ইয়ার্ডের প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ করা হয়। মাত্র ৭ বছরের মাথায় বাঁধের জিরো পয়েন্ট এলাকার ভাঙন দেখা দেয়ায় আতংক ছড়িয়েছে পদ্মা পাড়ে।
ভুক্তভোগীরা জানান, ভাঙ্গনের কারণে মানুষ ঘরছাড়া হচ্ছেন। ধার-দেনা করে জমি কিনেছিলাম। সেই জমিটাও নদীতে বিলীন হয়ে গেল।
ভুক্তভোগীরা আরও জানান, বিঘার পর বিঘা জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে, বেরি বাঁধ পর্যন্ত বিলীন হয়েছে, নিজের ঘড় ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন, এমন পরিস্থিতিতে খেতে পারছেন না, ঘুমাতে পারছেন না, নিদারূণ কষ্টে তাদের দিন কাটছে।
স্থানীয়দের আশংকা, বাঁধটি ধ্বসে গেলে পদ্মা সেতুসহ আশপাশের সব প্রকল্প ঝুঁকিতে পড়বে।
এদিকে, জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম আহসান হাবীব জানান, আমরা চেষ্টা করে যাচ্ছি।
অপরদিকে সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম (প্রকল্প পরিচালক, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প) বলেন, অধিগ্রহণকৃত এলাকায় নিরাপদেই আছি আমরা। নির্দিষ্ট সীমানায় কোন সমস্যা নাই।
এদিকে বাঁধটি সংস্কারের পাশপাশি রিভার ড্রাইভ তৈরির কাজ হাতে নেয়া হয়েছে বলে জানান স্থানীয় সাংসদ।
শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু জানান, বেরী বাঁধে ফাটল দেখা দিয়েছে, ইতিমধ্যে জিও ব্যাগ দিয়ে ফাটল বন্ধ করা সহ অন্যান্য কাজও চলছে।
দ্রুত ভাঙন প্রতিরোধ করে বাঁধ রক্ষায় পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর।
এসইউএ/এমবি
