নলছিটিতে সংখ্যালঘু পরিবারের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩২ পিএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার
নলছিটি উপজেলার গোপালপুর গ্রামে নারদ হাওলাদার নামে এক সংখ্যালঘু হিন্দু পরিবারের বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ( ২ অক্টোবর) গভীর রাতে দুর্বৃত্তরা সংখ্যালঘু পরিবারে আগুন লাগিয়ে দেয়।
নারদ হাওলাদারের ভাতিজা স্বপন হাওলাদার জানান, রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে বাড়ি ও আশে-পাশের লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ঘরে রাখা কিছু আসবাবপত্রসহ কিছু গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে নারদ হাওলাদার জানান, আমার ছেলেরা নলছিটি শহরে বসবাস করে। আমি তাদের সঙ্গে শহরেই থাকি এবং মাঝে মাঝে গ্রামের বাড়িতেও থাকি। গতকাল নলছিটিতে ছেলেদের বাসায় ছিলাম। আর এ সুযোগেই আমার বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
তবে কে বা কারা ঘরে আগুন দিয়েছে তা বলতে পারবো না। জমিজমা সক্রান্ত বিরোধ রয়েছে একটি পক্ষের সঙ্গে। এব্যাপারে থানায় অভিযোগ করবো।
এ ব্যাপারে নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, এখনও বিকেল সাড়ে ৩টার দিকে) বিষয়টি কেউ জানায়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য,নারদ হাওলাদার নলছিটি শহরের সুপরিচিত ইলেকট্রিক মিস্ত্রি ননী গোপাল হাওলাদারের পিতা।
কেআই//
