নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৪ পিএম, ৩১ অক্টোবর ২০২০ শনিবার
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফাতেমা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম উপজেলার ভাবিচা ইউনিয়নের চাপড়া গ্রামের আসাদের স্ত্রী।
পুলিশ জানান, ফাতেমা বেগম চাপড়া নিজ বাড়ি থেকে ছেলের মোটর সাইকেল যোগে সদর ইউনিয়নের রূপনারায়নপুরে বড় মেয়ের বাড়ি যাওয়ার পথে ঘটনাস্থলে মোটসাইকেল ও ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ফাতেমা বেগম ও ছেলে রেজাউল হক গুরুতর আহত হন। সাথে সাথে তাদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ডাঃ বিপ্লব কুমার ভৌমিক ও আবাসিক সার্জন ডাঃ এনামুল হক ফাতেমা বেগমকে মৃত ঘোষণা করেন। ছেলে রেজাউল হককে হাসপাতালের ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ন কবির বলেন, তারা কোন অভিযোগ না করায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
কেআই//
