যমুনার গতিপথ পরিবর্তনে বেড়েছে ভাঙ্গন (ভিডিও)
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার
সিরাজগঞ্জের বেলকুচিতে চর জেগে যমুনার গতিপথ পরিবর্তন হওয়ায় প্রতিবছরই ভাঙছে বেতিল স্পার বাঁধ। নদীর পশ্চিম পাড়েও ভাঙন তীব্র হয়েছে। হুমকিতে কয়েকশ’ গজ দূরের ভেটেরিনারি কলেজ ও মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটসহ বিভিন্ন স্থাপনা। ভাঙন ঠেকাতে চর অপসারণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
যমুনা পাড়ের বিস্তীর্ণ এলাকা রক্ষায় ২০০০ সালে ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বেতিল সলিড স্পার। এরপর বাঁধের উত্তর-পূর্ব পাশে প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে জেগে ওঠে চর। গতিপথ পরিবর্তন করে নদী। ফলে তীব্র হয় ভাঙন। ক্রমাগত ভাঙছে বাঁধও।
গত দশ বছরের অব্যাহত ভাঙনে অনেক জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন ভাঙন-ঝুঁকিতে ভেটেরিনারি কলেজ ও মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটসহ আশপাশের গ্রামগুলো। ভাঙন ঠেকাতে চর কেটে নদীর গতি সমান্তরাল করার দাবি স্থানীয়দের।
এলাকাবাসী বলেন, এই চরকে যদি অপসারণ করা না যায় তাহলে আগামী মৌসুমের বন্যায় এগুলো বিলীন হয়ে যাবে।
দৌলতপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস বলেন, নদী থেকে ২ থেকে ৩শ’ দূরে অবস্থিত ভেটেরিনারি কলেজ, এটা রক্ষার জন্য ড্রেজিং ব্যবস্থা দরকার।
ভাঙনের জন্য জেগে ওঠা চরকেই দায়ী করে তা অপসারণের কথা জানালো পানি উন্নয়ন বোর্ড।
সিরাজগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, জোয়ারের কারণে চ্যানেল পরিবর্তন হয়ে পানিটা এসে স্পারের বরাবর লাগছে। প্রতিবছরই এর কোন না কোন জায়গা ড্যামেজ হচ্ছে, আমরা কোনক্রমে মেরামত করে যাচ্ছি। সামনে এটির স্থায়ী মেরামতের ব্যবস্থা করবো এবং চরটি কাটার উদ্যোগ নিব।
গুরুত্বপূর্ণ স্থাপনাসহ গ্রামগুলো রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চায় বেলকুচির মানুষ।
এএইচ/এসএ/
