ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

হিলি স্থলবন্দরে ফিরেছে স্বস্তি, বেড়েছে আয় (ভিডিও)

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২০ বুধবার

করোনার মন্দা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম। স্বস্তি ফিরেছে শ্রমিকদের মাঝে। আমদানি-রফতানি বাড়ায় বেড়েছে বন্দরের আয়ও।

করোনা পরিস্থিতিতে গত ২৬ মার্চ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়। আড়াইমাস সম্পূর্ণ বন্ধ থাকার পর ৮ জুন স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শুরু হয় কার্যক্রম।

এরই মধ্যে দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চালু হওয়ায় পাথরসহ বিভিন্ন পণ্য আমদানির পরিমাণ বেড়েছে। এতে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।

শ্রমিকরা জানান, করোনার সময়ে কোন কাজকর্ম ছিল না, এখন কাজ হচ্ছে দশ টাকা হলেও পাচ্ছি। আমাদের সংসার ভালোভাবে চলছে।

আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট জানান, হিল বন্দর দিয়ে বেশির ভাগ পাথর সরবরাহ করে থাকি। এর ফলে এই বন্দরের আমদানি-রফতানি আবার বৃদ্ধি পেয়েছে। 

বন্দর কর্তৃপক্ষ জানায়, আগে ১শ’৩০ থেকে দেড়শ’ ট্রাক পণ্য আমদানি হলেও এখন বেড়ে দাঁড়িয়েছে ২শ’ থেকে ২শ’২০টি।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এই আমদানি বৃদ্ধির কারণে রাজস্ব বৃদ্ধি পেয়েছে। হিলি স্থলবন্দরের দৈনন্দিন আয়ও বৃদ্ধি পেয়েছে। কাজ বেড়ে যাওয়ায় শ্রমিকরা উৎফুল্ল।

বেড়েছে রাজস্ব আদায়ও। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ৮০ কোটি ৩১ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ১৩০ কোটি ৫ লাখ টাকা।

হিলি স্থলবন্দর ডেপুটি কমিশনার সাইদুল আলম বলেন, নিয়মতান্ত্রিক যেভাবে পরিচালনা করছি তাতে আয় আরও বাড়বে। সেটা অর্থ বছর শেষে রাজস্বের পরিমাণ লক্ষ্যমাত্রা বলেন বা বিগত বছর থেকে আরও বাড়বে বলে আশা করছি।

বন্দরের সড়কসহ অবকাঠামোগত উন্নয়ন করা হলে রাজস্ব আহরণের পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিডিও-

এএইচ/