ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৮ ১৪৩২

পীরগঞ্জে প্রকাশ্য সড়কের দুই পাশের গাছ কেটে সাবাড় (ভিডিও)

রংপুর বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ০১:৩১ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

রংপুরের পীরগঞ্জে আঞ্চলিক সড়কের দুই পাশে থাকা ইউক্যালিপ্টাস গাছ কাটার মহোৎসব চলছে। এরই মধ্যে ৪শ’র বেশি গাছ কেটে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। প্রকাশ্য গাছ কেটে সাবাড় করলেও জেলা পরিষদ কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ এলাকাবাসীর।

জেলা পরিষদের সড়কে ২০ বছর আগে লাগানো হয় প্রায় ১ হাজার ইউক্যালিপ্টাস গাছ। রংপুরের পীরগঞ্জের ত্রিমোহনী ব্রীজ থেকে খয়েরবাড়ি বাজার পর্যন্ত সড়কের দুই পাশের এ গাছগুলো রোপণ ও দেখভাল করে আসছিলো এলাকাবাসী। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী টেন্ডারের মিথ্যা অজুহাতে এ গাছ কাটা শুরু করে।

এরই মধ্যে ৪শ’র বেশি গাছ কাটা হয়ে গেছে। যার আনুমানিক মুল্য ২৫ লাখ টাকা। স্থানীয় প্রশাসন এবং জেলা পরিষদের কাছে লিখিত জানিয়েও কাজ হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। 

এলাকাবাসী জানান, ছোট থেকে গাছগুলো লালন-পালন করে বড় করেছি। এই গাছ যারা কেটেছিল তাদেরকে আটক করেছি। এখন প্রশাসন এসে আমাদেরকে হুমকি দিচ্ছে।

যারা গাছ কাটছেন, তাদের দাবি রাস্তাটি জেলা পরিষদের হলেও তারা উপজেলা প্রশাসনের কাছ থেকে গাছ নিলামে কিনেছেন। কিন্তু এর স্বপক্ষে কোন কাগজ দেখাতে পারেননি। 

তারা জানান, ওপেন টেন্ডারে আমাদের মইনুল ইসলাম লাভলু সাহেব কিনে নিয়েছেন।

এদিকে স্থানীয়দের খবরে পীরগঞ্জ থানা পুলিশ গাছকাটা বন্ধ করে। তবে পুলিশ চলে যাবার পর তা আবার শুরু হয়। 

তবে বনবিভাগ বলছে, এভাবে গাছ কাটার বিষয়ে আইনী পদক্ষেপ নেবেন তারা। 

বিভাগীয় বন কর্মকর্তা মাহাতাব উদ্দিন বলেন, গাছ টাকার বিষয়টা উপজেলা পরিষদ কমিটিতে অনুমোদন হয়, ওখানে বলা থাকে জেলা কমিটির অনুমোদন লাগবে। যদি না হয়ে থাকে তখন আইনী পদক্ষেপ নেয়া হবে।

এ ব্যাপারে জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানমের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
ভিডিও :


এএইচ/এসএ/