ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

উজিরপুরে মন্দিরের স্বর্ণালংকার চুরির ঘটনায় আটক ৪

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুরে উগ্রতারা (কালি) মন্দিরের দেবীর মাথার সোনার মুকুট, ত্রিনয়নী চোখ ও সীতাহারসহ প্রায় ৩০ ভরি স্বর্ণলংকার চুরি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে উজিরপুর থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, উপজেলার শিকারপুর (মন্দিরের পশ্চিম পাশের বাসিন্দা) এলাকার পরিমল মাঝি (৪৫), তার ছোট ভাই সঞ্জয় মাঝি (৩৫) ও তাদের প্রতিবেশি গোপাল গাইন (৪০) এবং রনজিৎ দাস।

উগ্রতারা (কালি) মন্দিরের পূজারী সুশান্ত চক্রবর্তী জানান, রোববার রাতে উগ্রতারা (কালি) দেবীর পূজা সম্পন্ন করে মন্দিরের প্রধান দরজায় তালা দিয়ে বাসায় চলে যান। এরপর সোমবার সকালে দরজা খুলে দেবীকে তিনি অলংকারবিহীনভাবে দেখতে পান। তবে মন্দিরের কোন দরজা-জানালা ভাঙ্গা ছিলনা। এমনকি মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরা চালু থাকলেও সেগুলো উল্টানো ছিল।

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে পূজারী সুশান্ত চক্রবর্তী আরো বলেন, উগ্রতারা (কালি) দেবীর মাথায় সোনার মুকুট, ত্রিনয়নী চোখ, সীতাহার, তিনখানা বাজু, টায়রা, চুড়ি, কানের দুলসহ শরীরে বিভিন্ন ধরণের  মূল্যবান স্বর্ণালংকার ছিল। এছাড়া মহাদেবের মূর্তিতে দুইটি স্বর্ণের চোখ লাগানো ছিল। তবে সকালে মন্দিরে প্রবেশের পর উগ্রতারা (কালি) দেবী ও মহাদেবে কোন স্বর্নালংকারই দেখা যায়নি। সব চুরি হয়ে গেছে। বর্তমানে যার বাজারমূল্য ২৫ লক্ষাধিক টাকা হবে বলে তিনি দাবি করেছেন। এরপর তিনি মন্দির কমিটির সদস্য ও উজিরপুর থানা পুলিশকে বিষয়টি জানান।

উজিরপুর থানা পুলিশের ওসি জিয়াউল আহসান জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের ঊধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দিরে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ তারা খতিয়ে দেখছেন। চোর শনাক্ত করতে মন্দিরের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরি যাওয়া স্বর্ণালংকার বেচাকেনার সময় যাতে হাতে নাতে ধরা পড়ে, সেজন্য জুয়েলারী দোকানগুলোর ওপর নজরদারি রাখা হয়েছে।

তিনি বলেন, মন্দির এলাকাটি সুরক্ষিত। সেখানে বাইরের এলাকা থেকে গিয়ে কারোর পক্ষে চুরি করা প্রায় দুঃসাধ্য। সে কারণে মন্দিরের পাশের বেশ কয়েকজন বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে সন্দেহজনক আচরণ ও অসংলগ্ন কথা বলায় ৪ জনকে দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এফএইচপি/এসি