ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

দেশের বিভিন্ন স্থানে বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব (ভিডিও)

বরগুনা ও সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৫ মার্চ ২০২১ সোমবার

আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। আক্রান্তদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি। গত তিন বছরের তুলনায় রেকর্ড সংখ্যক ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন বরগুনা সদর হাসপাতালে। সাতক্ষীরায় হঠাৎ করে নিউমোনিয়া, সর্দি, জ্বর, কাশি ও ডায়রিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট, শয্যা স্বল্পতা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ব্যহত হচ্ছে চিকিৎসাসেবা।

বরগুনা সদর জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে মাত্র ১০টি বেড। কিন্তু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত তিন দিনে ভর্তি হন ৭৬ জন রোগী। তাদের স্থান হয়েছে হাসপাতালের মেঝে ও বারান্দায়। আক্রান্তদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। 

প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ করছেন রোগিরা। অন্যদিকে হাসপাতালের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে হয়ে পড়ছেন আরও বেশি অসুস্থ। 

রোগীরা জানান, স্যালাইন দিয়ে আর কোন খবর নেয় না। নোংরা পরিবেশ এবং মাছি ও মশাও প্রচুর। হাসপাতালের পরিস্থিতি খুবই কঠিন। ওষুধের বেশিরভাগই বাহির থেকে কিনতে হচ্ছে।

বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, সাধারণত খোলা খাবার খেলে, রাস্তাঘাটের খাবারদাবার খেলে বা ময়লা হাতে খাবার ধরলে সেক্ষেত্রে ডায়রিয়া বাড়তে পারে।

সাতক্ষীরায় নিউমোনিয়া, সর্দি, জ্বর, কাশি ও ডায়রিয়া রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে। চলতি মাসের প্রথম দুই সপ্তাহে সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড থেকে চিকিৎসা নিয়েছেন ৩ শতাধিক শিশু। আর একইসময়ে শিশু ওয়ার্ড থেকে চিকিৎসা নেয় প্রায় আড়াইশ’ শিশু।

এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪ শিশুর। এছাড়া একই অবস্থা সাতক্ষীরা শিশু হাসপাতালের। সবমিলিয়ে গত দুই সপ্তাহে পাঁচ শতাধিক শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় হিমশিম অবস্থা। 

রোগীর স্বজনরা জানান, এখানে রোগী যা আসছে একদিন দুইদিন রেখে সব ছেড়ে দিচ্ছে। তা সুস্থ্য হোক আর না হোক। জায়গার খুবই সংকট, তাছাড়া পরিবেশও খুবই নোংরা।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়েত বলেন, একজন মাত্র মেডিক্যাল অফিসার দিয়েই এই সদর হাসপাতালের কার্যক্রম আমরা চালাচ্ছি। সেই ডায়রিয়া ওয়ার্ড দেখছে, সেই-ই পেডিয়াটিক ওয়ার্ড দেখছে, আউটডোরেও তাকে এটেন করতে হচ্ছে।

শিশু বিভাগে দ্রুত চিকিৎসক-নার্সসহ জনবল যুক্ত করা এবং প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরবরাহের দাবি রোগী-স্বজন ও ভুক্তভোগীদের। 
দেখুন ভিডিও :


এএইচ/ এসএ/