সড়ক যখন গলার কাঁটা (ভিডিও)
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত : ০২:০৭ পিএম, ১৫ মার্চ ২০২১ সোমবার
কুষ্টিয়ায় লাহিনী-লাঙ্গলবন্দ সড়কের ১৫ কিলোমিটার মানুষের গলার কাঁটায় পরিণত হয়েছে। এ সড়কে সংস্কার কাজ হয়না প্রায় ১ যুগ ধরে। কিছু কিছু জায়গায় রাস্তার অস্তিত্ব খুঁজে পাওয়াই মুশকিল। কার্পেটিং আর ইট-খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এমন সড়কেই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে অসংখ্য যানবাহন, ঘটছে দুর্ঘটনাও।
কুমারখালী উপজেলার যদুবয়রা, চাপড়া, চাঁদপুর, পান্টি ও বাগুলাট ইউনিয়নের হাজার হাজার মানুষের জেলা সদর ও রাজধানীতে যোগাযোগের একমাত্র পথ ভাঙাচোরা ধুলো ধূসর এই সড়ক। আবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলাবাসী প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘ প্রায় ১ যুগ ধরে এই সড়কের কোনো সংস্কার হয় না। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন মানুষ। ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন।
চালকরা জানান, গাড়িঘোড়া চলা খুব কষ্টের, যাত্রীও উঠতে চান না। গাড়ি ভেঙ্গেচুড়ে পরে থাকে রাস্তায়। এক মোটরবাইক চালক জানালেন, প্রতিদিন দুইবার আসা-যাওয়া করতে হয় কিন্তু রাস্তার এতটাই করুণ অবস্থা যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না।
বর্তমান শুষ্ক মৌসুমে রাস্তার দু’পাশের বাসিন্দাদের জন্য বিপদ ডেকে এনেছে সড়কটি। রাস্তার ধুলো আর ইটের সুরকিতে দুর্ভোগে এলাকাবাসী।
এলাকাবাসীরা জানান, রাস্তায় যাতায়াত করলেই কোমরে, মাথায়, শরীরে ব্যথা হয়। এমন অবস্থার সৃষ্টি হয় যে, ঘরের ধোয়া কাপড়চোপড় ব্যবহার করতে গেলে আবার ধুয়ে নিতে হয়।
টেন্ডার হলে ঠিকাদার কাজ না করায় সড়কটির এমন দৈন্যদশা। তবে নতুন করে টেন্ডার আহ্বানের উদ্যোগ নেয়া হয়েছে। খুব শীগগিরই সড়কের কাজ শুরু হবে এমন আশ্বাস এলইজিইডি কর্তৃপক্ষের।
কুষ্টিয়া এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান মণ্ডল বলেন, আমরা বিভিন্ন সময়ে চিঠিপত্র দিয়েছি। আমরা চেষ্টা করছি কাজটি বাদ দিয়ে নতুন করে ঠিকাদার নিয়োগ করবো। এলজিইডি কুষ্টিয়ার পক্ষ থেকে আমি কাজ বন্ধ করে এটি অনুমোদনের জন্য প্রকল্প পরিচালককে দিয়েছি।
আশ্বাস নয়, দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের।
দেখুন ভিডিও :
এএইচ/এসএ/
