১০ দফা দাবিতে ইউএমসি জুটমিলের অস্থায়ী শ্রমিকদের সমাবেশ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১৫ মার্চ ২০২১ সোমবার
বন্ধ পাটকলগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পুনরায় চালু ও বদলী শ্রমিকদের পাওনা টাকাসহ ১০ দফা দাবিতে নরসিংদীর ইউএমসি জুটমিলের অস্থায়ী শ্রমিকরা সমাবেশ করেছে।
সোমবার (১৫ মার্চ) সকাল ১০টা থেকে মিলগেইটের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
অস্থায়ী শ্রমিক ও সিবিএ নেতারা জানিয়েছেন, অব্যাহত লোকসানের কারণ দেখিয়ে গত বছরের ৭ জুলাই নরসিংদীর ইউএমসি জুট মিলসহ দেশের সকল রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধ ঘোষণা করে সরকার। বন্ধ ঘোষণার পর স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের বকেয়া বেতনসহ সকল পাওনা ২০২০ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দেয় শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়।
পরে ইউএমসি জুটমিলে কর্মরত স্থায়ী ও অস্থায়ী প্রায় ৬ হাজার শ্রমিকের মধ্যে ৩ হাজার স্থায়ী শ্রমিককে ব্যাংকের মাধ্যমে ১৬০ কোটি টাকা ও সঞ্চয়পত্রের মাধ্যমে ১৪০ কোটি টাকা পরিশোধ করা হয়। কিন্তু আশ্বাস দেয়ার পরও মিলটির প্রায় ৩ হাজার অস্থায়ী শ্রমিকের চূড়ান্ত পাওনার ২১ কোটি ১৭ লাখ টাকা এখনও পরিশোধ করা হয়নি।
বকেয়া এসব পাওনাসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে অস্থায়ী শ্রমিকরা। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন শ্রমিক নেতারা।
এএইচ/
