সাপাহার জবই বিলে এখন বাস করছে প্রায় ১০ হাজার পাখি
নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত : ০৬:৫২ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার
নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে এখন বাস করছে প্রায় ১০ হাজার পরিযায়ী ও দেশী পাখি। জবই বিল জীববৈচিত্র সংরক্ষন ও সমাজ কল্যাণ সংস্থার অন্যান্য সদস্যের উপস্থিতিতে সংগঠনের সভাপতি মো: সোহানুর রহমান সবুজ বিলে পাখি জরিপের পরিসংখ্যান তথ্য স্থানীয় উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পরিযায়ী এই পরিসংখ্যান সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর নিকট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন ,কৃষি কর্মকর্তা মজিবুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান।
গত কয়েক বছর ধরে জবই বিল জীববৈচিত্র সংরক্ষন ও সমাজ কল্যাণ সংস্থা, উপজেলা প্রশাসন বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ রাজশাহী এবং বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষন ফেডারেশন ( বিবিসিএফ) এর যৌথ উদ্যোগে এ বিলের পাখি জরিপ করা হয়। তারই সূত্র ধরে সংগঠনগুলির সম্মিলিত প্রচেষ্টায় ২০২১ সালের শুরও থেকে এপর্যন্ত এই বিলে পাখি জরিপ করা হয় ৯ হাজার ৭১২টি।
এরমধ্যে পাতি-সরালি ৪ হাজার, লাল ঝুটি-ভুতিহাস ২শ, গিরিয়া হাস ১ হাজার ২শ, পাতি-তিলি হাঁস ২শ, টিকি হাঁস ৫০টি, পিয়াং হাঁস ১ হাজার, কালা পাখ-ঠেঙ্গি ২০টি, গেওয়ালা-বাটান ৫০টি, প্রশান্ত সোনা গিরিয়া ২শ, পাতি ভুতি হাঁস ৭৫০টি, কালাা মাথা গাংচিল ৪টি, পশ্চিমা কানা কাপসি ২টি, চখাচখি ১শ, দেশী পাখির মধ্যে চা পাখি ৪শ, বেগুনী বক ২টি, কনি বক ৫০টি, বাজলা বক ৫০্িট, গো-বক ৪২টি, শামুখখোল ১ হাজার, পানকৌড়ী ২শ, খাটো কান পেঁচা ২টি, বড় বক ১৫টি, মাছ মুরাল২টি, সাপ পাখি ৩টি, ধুপনি ১শ, পাকড়া মাছরাঙ্গা ১০টি, পাতি মাছ রাঙ্গা ৫০টি, ও সাদা বুক মাছরাঙ্গা ১০টি।
সংগঠনের সভাপতি সোহানুর রহমান সবুজ বলেন বৃহত এই বিলের কোন এক অংশে সরকারিভাবে পাখিদের জন্য একটি অভয়াশ্রম গড়ে তুলতে পারলে প্রতি বছর পাখির সংখ্যা আরো বৃদ্ধিসহ বিলে পাখিদের আনাগোনায় সারা বছর বিলটি মুখরিত হয়ে থাকবে বলে তিনি দাবি করেন।
আরকে//
