যাদুসম্রাট পি সি সরকারের বাড়ি সংরক্ষণের দাবি (ভিডিও)
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত : ১১:৪৬ এএম, ৩০ মার্চ ২০২১ মঙ্গলবার
যাদুসম্রাট পি সি সরকার। বিশ্বব্যাপী যাদু দেখিয়ে দেশের জন্য বয়ে এনেছেন সুনাম। এই কিংবদন্তি যাদুকরের জন্ম টাঙ্গাইলের আশেকপুর গ্রামে। তার বাড়িটি সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রশাসন বলছে, প্রত্ত্বতাত্ত্বিক স্থাপনা হিসেবে এই বাড়ি সংরক্ষণের চেষ্টা চলছে।
পি সি সরকারের পুরো নাম প্রতুল চন্দ্র সরকার। ১৯১৩ সালের ২৩ ফেব্রুয়ারি তাঁর জন্ম। বাবা ভগবান চন্দ্র সরকার এবং মা কুসুম কামিনী দেবী। টাঙ্গাইলের স্থানীয় শিবনাথ হাইস্কুলে তাঁর শিক্ষাজীবন শুরু। ছোটবেলা থেকেই যাদুবিদ্যার প্রতি কৌতূহল এবং বংশগত ঐতিহ্য তাঁকে এ পেশায় আগ্রহী করে তোলে। গণপতি চক্রবর্তী ছিলেন তাঁর গুরু। সপ্তম শ্রেণিতে পড়া অবস্থায় তিনি শুরু করেন জাদু প্রদর্শন। এরপর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তাঁর সুনাম। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় চলে যান কলকাতায়।
স্থানীয়রা জানান, তার ছেলেপেলে একবার এসেছিল। তাদের সঙ্গে জমি বেচাকেনা করেন এক লোক।
পরে তার বাড়িটি বেদখল হয়ে যায়। প্রতিদিন এই যাদু সম্রাটের বাড়ি দেখতে ছুটে আসেন ভক্ত-দর্শনার্থীরা।
এলাকাবাসী জানান, অনেক লোকজন আসে, তারা বাড়িটি দেখে যায়। একবার কলকাতা থেকে বাইসাইকেল চালিয়ে কিছু লোক এসেছিল।
স্থানীয় যাদুশিল্পীরা তার স্মৃতি ধরে রাখতে পি সি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটি করেছেন টাঙ্গাইলে। তারাও বাড়িটি উদ্ধারের দাবি জানান।
পি সি সরকার মেমোরিয়াল ম্যাজিক সোসাইটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান খান লাবু বলেন, ওনার সেই রুচিসম্পন্ন বাড়ি এতো চমৎকার যে দূর দূরান্ত থেকে ওই সময়ে দেখতে আসতো। আমরা চাই, সরকার এটা অধিগ্রহণ করে প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে যেন এই বাড়িটা রক্ষণাবেক্ষণ হয়। এই প্রচেষ্টা আমরা করবো।
প্রশাসন বলছে, বাড়িটি সংরক্ষণের চেষ্টা চলছে।
টাঙ্গাইল জেলা প্রশাসক ডক্টর মোঃ আতাউল গণি বলেন, তাঁর যে পৈতৃক নিবাস, সেটির মালিকানা নিয়ে প্রশ্নের উদ্রেক হয়েছে। এটির খোঁজ খবর নিয়ে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে সংরক্ষণ করার বিষয়ে আমাদের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।
যাদুশিল্পে অসাধারণ পারদর্শিতার জন্য ‘যাদুসম্রাট’ উপাধি লাভ করেন পি সি সরকার।
দেখুন ভিডিও :
এএইচ/এসএ/
