সরকারি ঘরের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাত (ভিডিও)
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ১২:২৬ পিএম, ৩০ মার্চ ২০২১ মঙ্গলবার
সরকারি ঘর নির্মাণের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঝিনাইদহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে। ঘর পাওয়ার আশায় অনেকেই ঋণ করে ১০ থেকে ৩০ হাজার টাকা দিয়েছেন তার হাতে। তবে কয়েক বছর পেরিয়ে গেলেও ঘর পাননি এসব দরিদ্র মানুষ।
ঝিনাইদহের কালীচরণপুর ইউনিয়নের বয়েড়াতলা গ্রামের ফাহিমা খাতুন। “যার জমি আছে ঘর নাই” সরকারের এই গৃহনির্মাণ প্রকল্পে ঋণ করে ১৬ হাজার টাকা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিউর রহমান বিশার কাছে। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও মেলেনি স্বপ্নের ঘর।
চেয়ারম্যানের দাবি অনুযায়ী ঘর পাওয়ায় আশায় ১৫ হাজার টাকা দিয়েছেন একই গ্রামের কাশেম আলী। কিন্তু কয়েক বছর পেরিয়ে গেলেও ঘর পাননি তিনি। ফেরত পাননি টাকাও। শুধু ফাহিমা কিংবা কাশেম নয়, ২৫টি পরিবারের কাছ থেকে প্রায় সাড়ে ৬ লাখ টাকা নিয়েছেন মতিউর রহমান বিশা।
ভুক্তভোগী ফাহিমা খাতুন জানান, বর্তমান চেয়ারম্যানের কাছে ১৬ হাজার টাকা দিয়েছিলাম ঘরের জন্য। সে বলে ঘর আজ না কাল, পড়শু। এই বলে দুই তিন বছর হয়ে গেল ঘরও দেয়নি টাকাও ফেরত দেননি।
ফাহিমা খাতুনের শশুর বলেন, চেয়ারম্যানের হাতে আমি গুণে দিয়েছি। এ পর্যন্ত ঘরও নেই, খবরও নেই। সে বলে আজ না কাল, কাল না পরশু এই করতে করতে দুই বছর শেষ হয়ে গেল।
ভুক্তভোগীরা জানান, আমরা দুর্বল লোকরা বিচার চাইবো কার কাছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই। টাকাটা আমরা ফেরত চাই। আমরা খবর পেয়েছি, ঘর নাকি টাকা ছাড়াই দিচ্ছে। কিন্তু আমাদের কাছ থেকে সে টাকা নিয়েছে, ঘর দিবে এই কারণে। কিন্তু সে আমাদের সাথে খারাপ ব্যবহার করে টাকা চাইতে গেলে।
তবে বিষয়টি অস্বীকার করে চেয়ারম্যান জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। প্রতিপক্ষরা তাকে ফাঁসানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
কালীচরণপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বিশা বলেন, নির্বাচন করবো, তাই বিরোধী পক্ষ আমাকে ফাঁসানোর জন্য এগুলো করছে। আমি এসব বিষয়ে কিছুই জানি না।
এদিকে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ বলেন, ঘরের জন্য যদি কেউ গরীব মানুষদের কাছ থেকে টাকা নেয়, সেটা অত্যন্ত দুঃখজনক হবে। অভিযোগটি জানলাম, আমি অভিযোগটি যাচাই-বাছাই করে ব্যবস্থা নিবো।
দেখুন ভিডিও :
এএইচ/এসএ/
