ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

আজ ৬ বিভাগে ঝড়বৃষ্টির সম্ভাবনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯ এএম, ৩১ মার্চ ২০২১ বুধবার

দেশের ৬ বিভাগে আজ ঝড়বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়া ও বিক্ষিপ্তভাবে শিলাসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর মঙ্গলবার (৩০ মার্চ) রাতে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগারে অবস্থান করছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

জানানো হয়, ২৪ ঘণ্টা পরবর্তী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তারপরের পাঁচ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
এএইচ/ এসএ/