দুদিন বন্ধের পর হিলি বন্দর দিয়ে আমদানি রফতানি শুরু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৪২ পিএম, ৩১ মার্চ ২০২১ বুধবার
শবে বরাত ও দোলযাত্রা উপলক্ষ্যে টানা দুদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরে সকল কার্যক্রম শুরু হয়েছে। এদিকে দুদিন পর বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে।
বুধবার সকাল ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে হিলি স্থলবন্দর দিয়ে দু'দেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি) ও মুসলমানদের পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ভারত-বাংলাদেশে সরকারি ছুটি থাকায় গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা দুদিন বন্দর দিয়ে দু'দেশের মাঝে পণ্য আমদানি রফতানি বাণিজ্য বন্ধ ছিল।
যদিও সোমবার বন্দরের ভেতরের সকল কার্যক্রম চালু থাকলেও মঙ্গলবার সকল কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে বুধবার সকাল ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দু'দেশের মাঝে পণ্য আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। একই সাথে বন্দরে কর্মরত শ্রমিকরা কাজে যোগদান করায় পণ্য খালাস, ভর্তি, ডেলিভারীসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হয়েছে।
কেআই//
