সালথার ঘটনায় মামলা, আসামী ৪ হাজার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ০১:৫১ পিএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার
ফরিদপুরের সালথায় মৃত্যুর গুজব ছড়িয়ে তাণ্ডবের ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় ৮৮ জনের নাম উল্লেখসহ আরও ৩ থেকে ৪ হাজার জনকে অজ্ঞাত দেখিয়ে আসামী করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে সালথা থানায় এই মামলা করা হয়। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ১১ জনকে আটক করেছে পুলিশ।
সালথা থানার ওসি আশিকুজ্জামান জানান, ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় ৮৮ জনসহ ৩ থেকে ৪ হাজার জনের নামে মামলা হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে।
গত সোমবার সন্ধ্যার পর হতে শুরু হওয়া তাণ্ডব গভীর রাত পর্যন্ত চলে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ব্যাপক ক্ষতিসাধন হয়।
সেই সময়ে দুটি সরকারি গাড়ি ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। এছাড়া সাতটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
এএইচ/এসএ/
