নববর্ষে হিলিতে বিএসএফকে মিষ্টি ও ফুল উপহার বিজিবি’র
হিলি প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার
বাংলা নববর্ষ উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটে বিজিবি কমান্ডার নায়েব সুবেদার হেলাল উদ্দিন শেখ ভারতের বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর বালবির শিংয়ের হাতে মিষ্টি ও ফুল উপহার তুলে দেন। এসময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন।
হিলি আইসিপি চেকপোষ্ট কমান্ডার নায়েব সুবেদার হেলাল উদ্দিন শেখ জানান, আজ বাংলা নতুন বছর, এ উপলক্ষ্যে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও দিনাজপুর সেক্টর কমান্ডারের পক্ষ থেকে ভারতের রায়গঞ্জ বিএসএফের ডিআইজি ও স্টাফ অফিসার ও ৬১ পতিরাম বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ককে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের লক্ষ্যে দু’দেশের বিভিন্ন উৎসবে দুই বাহিনীর পক্ষ থেকে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়ার রেওয়াজ দীর্ঘদিন ধরেই চলে আসছে। এতে করে দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও জানান তিনি।
এএইচ/এসএ/
