ব্রাহ্মণবাড়িয়ায় করোনা রোগীদের জন্য প্রশাসনের ফল উপহার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১৯ এপ্রিল ২০২১ সোমবার
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাসে আক্রান্ত ১৫টি পরিবারের মধ্যে বিভিন্ন ধরণের ফল পাঠানো হয়েছে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে বাড়িতে থাকা ১৫ জন রোগীর কাছে ফলভর্তি ঝুঁড়ি উপহার হিসেবে প্রদান করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গিয়ে হাসপাতালের আইসোলেশনে থাকা ৫ জন করোনা রোগীর জন্য বিভিন্ন ধরণের ফলে ভরা ৫টি ঝুঁড়ি হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মোমেন এবং ডা. নাজমুলের হাতে তুলে দেন।
এছাড়া হোম আইসোলেশনে থাকা ১০ জন রোগীর বাড়িতে গিয়ে ১০ ঝুঁড়ি বিভিন্ন ধরনের ফল পাঠান। প্রতিটি রোগীর বাড়িতে গিয়ে তাদের নিকটাত্মীয়দের মাধ্যমে তাদের বাসায় ফল পৌছে দেয়া হয়। প্রতিটি ঝঁড়িতে ছিলো ১ লিটার গরুর দুধ, ১টি তরমুজ, ২টি আনারস, ১ কেজি মাল্টা, ১ ডজন কলা, ১ কেজি আপেল এবং ১ কেজি পেয়ারা। ফল বিতরণের সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমরা করোনা আক্রান্তদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। সোমবার তাদের জন্য শুভেচ্ছা হিসেবে ১৫ ঝুঁড়ি বিভিন্ন ধরণের ফল তাদের কাছে পাঠিয়েছি। তিনি বলেন, তাদের যে কোন সমস্যায় আমরা তাদের পাশে আছি।
কেআই//
