ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

বৃন্দাবন চা বাগানের ‘রোজ টি’ সর্বোচ্চ দামে বিক্রি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ৫ মে ২০২১ বুধবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে অর্থ বছরের প্রথম নিলাম সম্পন্ন হয়েছে। নিলামের প্রথম দিনে প্রায় ৫০ হাজার কেজি চা বিক্রি হয়েছে। বিক্রি করা চায়ের বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। এর মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে ‘রোজ টি’।

বুধবার (৫ মে) অনুষ্ঠিত নিলামে দেশের নানা প্রান্ত থেকে চা পাতার ক্রেতা ও বিক্রয় প্রতিনিধিরা অংশ নেন। এবছর করোনার কারণে কিছুটা বিলম্বে নিলাম প্রক্রিয়া শুরু হয় শ্রীমঙ্গলে। 

শ্রীমঙ্গলের এ নিলামে প্রথমবারের মতো সেল হয় রোজ টি। গোলাপ ফুলের ফ্লেভার নিয়ে এই চা তৈরি করেছে হবিগঞ্জের বৃন্দাবন চা বাগান। উৎকৃষ্টমানের ব্ল্যাক টি বিটি টু-এর সাথে গোলাপের পাঁপড়ি মিশিয়ে এই রোজ টি তৈরি করা হয় বলে জানান, বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দিন খান। এই রোজ টি প্রতি কেজি ৩ হাজার টাকা দরে ক্রয় করে শ্রীমঙ্গলের এশিয়ান টি।
 
টি ট্রেডার্স অ্যান্ড প্ল্যান্টারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত নিলামে দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক বায়ার ও ৩টি ব্রোকার হাউজ অংশ নেয়। নিলামে কেজি প্রতি চায়ের সর্বোচ্চ দাম উঠে ৩ হাজার টাকা ও সর্বনিম্ন ১৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়। বৃন্দাবন চা বাগানের রোজ টি সর্বোচ্চ মূল্য প্রতি কেজি ৩ হাজার টাকায় বিক্রি হয়। 

এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় চা উৎপাদন বৃদ্ধি পেয়েছে। যার ফলে প্রতি নিলামে চা পাতা উত্তোলন ও বিক্রি বৃদ্ধি পাবে বলে আশাবাদী চা সংশ্লিষ্টরা।

দেশের ১৬৭টি চা বাগানের মধ্যে মৌলভীবাজারেই রয়েছে ৯২টি চা বাগান। এ অঞ্চলের উৎপাদিত চা দু’বছর আগেও চট্টগ্রামের নিলাম কেন্দ্রে নিয়ে বিক্রি করতে হতো। ২০১৭ সালের ৮ ডিসেম্বর শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র উদ্বোধনের মধ্যে দিয়ে ২০১৮ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

করোনা মাহমারির মধ্যেও দেশের বিভিন্ন বাগানে চা উৎপাদন চালু রাখা হয়েছিল। অন্যদিকে পরিমিত বৃষ্টি ও আদ্রতা অনুকুলে থাকায় মৌলভীবাজারে চা উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এবছর লক্ষমাত্রা ছাড়িয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এএইচ/ এসএ/