গোপন বৈঠক থেকে জামায়াতের ১৭ নেতা-কর্মী আটক
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০৩:১৭ পিএম, ১৯ মে ২০২১ বুধবার
নাটোরে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করার সময় জামায়াতের ১৭ নেতা-কর্মিকে আটক করেছে পুলিশ। তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আজ বুধবার (১৯ মে) সকালে শহরের বড়হরিশপুর এলাকার একটি বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড়হরিশপুর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানকালে একটি বাড়িতে রাষ্ট্রবিরোধী বৈঠক করা অবস্থায় জামায়াতের ১৭ নেতা-কর্মিকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দলীয় বৈঠকের সত্যতা স্বীকার করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত ও রাষ্ট্রের ক্ষতিসাধন করতে পারে এই অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা পর তাদের আদালতে প্রেরণ করা হবে।
এএইচ/এসএ/
