ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৮ ১৪৩৩

উল্লাস করতে গিয়ে ঝিকরগাছায় আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৯ এএম, ১৯ ডিসেম্বর ২০২২ সোমবার

যশোরের ঝিকরগাছায় আর্জেন্টিনার গোলে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে আর্জেন্টাইন এক সমর্থকের মৃত্যু হয়েছে। নিমার্ণাধীন ব্রিজের রডে বিদ্ধ হয়ে রাকিব হোসেন (২৫) নামে ওই সমর্থক মারা যায়। 

রোববার রাতে আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার বিশ্বকাপের ফাইনাল চলাকালীন সময়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার জন্য দুই ব্রিজের মাঝে বঙ্গবন্ধু পার্কে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়। ফ্রান্সের সঙ্গে খেলায় আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেয়ার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। 

এসময় উৎফুল্ল রাকিব পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নিচে নির্মাণাধীন বেইলি ব্রিজের উপর পড়েন। এসময় পিঠে রড বিদ্ধ হয়ে তিনি মারাত্মক আহত হন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএইচ