ঢাকা, মঙ্গলবার   ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

কাভার্ডভ্যান কেড়ে নিল ঘুমন্ত মা-মেয়ের প্রাণ, বাবা আহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০২:২৭ পিএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী কাভার্ডভ্যান উঠে যায় বসতবাড়িতে। কাভার্ডভ্যানের চাপায় ঘুমিয়ে থাকা মা-মেয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে বাবা গণেশ চন্দ্র রবি দাস। 

সোমবার (২৯ মে) দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত গণেশকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন উপজেলার নল্লা এলাকার গণেশ  চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী দাস (৪২) ও মেয়ে রাধীকা রানী দাস (১২)।

ধনবাড়ী থানা অফিসার ইনচার্জ এম জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের বাড়িতে উঠে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় থাকা মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয়েছে বাড়ির মালিক গণেশ।

কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

এএইচ