ঢাকা, শনিবার   ০১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ১৬ ১৪৩৩

সিলেটে ফ্ল্যাট থেকে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯ এএম, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

সিলেট শহরের লামাবাজার এলাকায় নিজ বাসা থেকে মিলি দে (২৫) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে ছায়ানীড় এলাকার একটি বহুতল ভবনের ৫ম তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মিলি দে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা-বাগানের মৃত মলয় কান্তি দে’র মেয়ে। তিনি মায়ের সঙ্গে লামাবাজারের ওই বাসায় থাকতেন এবং নগরীর কাজিটুলা এলাকার ‘কিডস ক্যাম্পাস’ স্কুলে শিক্ষকতা করতেন।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে মিলি দে’র মা সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাত ১০টার দিকে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান তিনি। ডাকাডাকির পর সাড়া না মেলায় প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে মিলি দে’র ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, নগরের লামাবাজার থেকে এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা আমরা খতিয়ে দেখছি।

এএইচ