আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল মুন্সী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে পারছেন না।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সীর লিভ টু আপিল খারিজ করেন।
শুরুতে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করলেও ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও ১১ দলের ওই আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে দিলে তিনি আপিল বিভাগে আবেদন করেন।
বৃহস্পতিবার মঞ্জুরুল আহসান মুন্সীর লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়। রোববার সকালে আপিল বিভাগ তার রায় ঘোষণা করেন।
আদালতে মঞ্জুরুল আহসানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, মো. রুহুল কুদ্দুস ও আইনজীবী মুহাম্মদ সাইফুল্লাহ মামুন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন ও মোহাম্মদ হোসেন এবং আইনজীবী জহিরুল ইসলাম মুসা।
এমআর//
