ঢাকা, রবিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ১৯ ১৪৩২

সিইসির সঙ্গে বৈঠক করলো জামায়াতের নারী নেত্রীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন জামায়াতের নারী শাখার চার গুরুত্বপূর্ণ প্রতিনিধি। 

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিকেল সাড়ে ৩টার দিকে বৈঠকে বসে দলটি। ঘণ্টাব্যাপী এই বৈঠকে সিইসির কাছে নানা অভিযোগ উপস্থাপন করা হয়।

বৈঠকে জামায়াতের নারী বিভাগের সেক্রেটারি নূরুন নেসা সিদ্দীকা, জামায়াতের নারী বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, জামায়াতের নারী শাখার সদস্য মারজিয়া বেগম ও জামায়াতের নারী শাখার সদস্য ডা. হাবিবা চৌধুরী অংশ নেন।

বৈঠক শেষে জামায়াতের নারী নেত্রীরা বলেন, ভোটের প্রচারে গিয়ে দলটির নারী সদস্যরা আক্রমণের শিকার হন। নারী কর্মীরা যখন ভোটের প্রচারণায় যাচ্ছেন তখন একদল লোক হুমকি-ধমকি দিচ্ছে। সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন নারীরা। সাইবার সিকিউরিটি আইনে প্রস্তুতি নিয়েছি। এ ধরনের কার্যক্রম এবং দলের শীর্ষ নেতার আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ ব্যঙ্গাত্মক মন্তব্য করা হচ্ছে।

যারা এ কাজে জড়িত তাদের খোঁজ নিয়ে আইনের আওতায় আনার দাবি জানিয়ে জামায়াতের এই নারী নেত্রীরা বলেন, আমরা সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছি। এটি জাতিরও প্রত্যাশা। দুটো নির্বাচন একসঙ্গে হচ্ছে। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। একটা ইতিবাচক নির্বাচন আমাদের প্রত্যাশা।

জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন নেসা সিদ্দীকা বলেন, ‘নারীরা জামায়াতের আমির হতে পারবেন না। আমরা একটা ইসলামী দল। আসলে পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়ে আমরা রাজনীতিতে এসেছি।’

হাবিবা চৌধুরী বলেন, ‘আমরা লোকাল ইলেকশনে নারী প্রার্থী দিচ্ছি, এটা কিন্তু প্রমাণিত। পরবর্তীতে নারীরাও জামায়াতের ভালো পদে আসবেন। পরবর্তী সময়ে নারীরা সংসদ ভোটে সরাসরি লড়াই করবেন।’

তারা আরও বলেন, ‘এই প্রথম জামায়াতের মহিলা উইং থেকে আমরা নির্বাচন কমিশন এসেছি। সারা বাংলাদেশে আমাদের মা-বোনদের ওপর যে হামলা হয়েছে সে বিষয়ে আমরা কথা বলেছি। আমরা ঘরে বসে থাকতে পারিনি। আমরা স্মারকলিপি জমা দিয়েছি। বাংলাদেশে ফিফটি পার্সেন্ট নারী। আমরা সুষ্ঠু একটা পরিবেশ ভোট দিতে চাই। এই বোনদের প্রতিহত করতে গভীর ষড়যন্ত্র করছে।’

এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলিউল্লাহ নোমান উপস্থিত ছিলেন।

এমআর//