ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২০ ১৪৩২

১০ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলা‌দেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থে‌কে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ১০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে প্রচলনে দেওয়া হয়েছে।

এ ধারাবাহিকতায় গভর্নর ড. আহসান হাবিব মনসুর স্বাক্ষর করা নতুন ডিজাইনের ১০ টাকা মূল্যমানের নোট ৩ ফেব্রুয়ারি থেকে প্রথমবারের মতো বাজারে ছাড়া হবে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটটি ইস্যু করা হবে।

নতুন ১০ টাকার নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৩ মি.মি. × ৬০ মি.মি.। নোটের সম্মুখভাগের বাম পাশে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি রয়েছে। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত। নোটের পেছনভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি–২০২৪’-এর চিত্র। পুরো নোটে গোলাপি রঙের আধিক্য রয়েছে।

নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপে ‘10’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। নোটের সম্মুখভাগের বাম পাশে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতায় ‘৳১০ দশ টাকা’লেখা থাকবে, যা আলোর বিপরীতে ধরলে দৃশ্যমান হবে। নোট নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে। এ ছাড়া, গভর্নরের স্বাক্ষরের ডান পাশে একটি প্যাটার্ন রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে ‘১০’ লেখা দেখা যাবে। মাইক্রোপ্রিন্ট হিসেবে ‘BANGLADESH BANK’ লেখা যুক্ত করা হয়েছে নোটের সম্মুখ ও পেছনভাগে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের ১০ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে। একই সঙ্গে মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকা মূল্যমানের নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। এসব নমুনা নোট নির্ধারিত মূল্যে মিরপুরে অবস্থিত টাকা জাদুঘর বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।

এমআর//