ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২০ ১৪৩২

লেভেল প্লেয়িং না হলে জবাব দিতে হবে: ফরিদপুরে মামুনুল হক

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪২ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার | আপডেট: ০৯:৪৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা মামুনুল হক বলেছেন, দীর্ঘ ৫৪ বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষকে শোষণ করা হয়েছে। জুলাই আন্দোলনের চেতনায় সবাই আজ একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায় এবং ১৮ কোটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর-২ আসনের নগরকান্দা এম এন একাডেমি মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনীতিতে আর মাস্তানি চলবে না। যারা ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে, তাদের শক্ত হাতে প্রতিরোধ করা হবে। তবে তিনি নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে মামুনুল হক বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে প্রশাসনকে জনগণের কাছে জবাব দিতে হবে।

জনসভায় তিনি ফরিদপুর-২ আসনে রিকশা প্রতীকের প্রার্থী শাহ আকরাম আলীর পক্ষে ভোট চান। সভায় জেলা জামায়াতে ইসলামী ও দশ-দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর বক্তব্য শুরু হলেও এর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

এর আগে দুপুরে তিনি ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা ঈদগাহ মাঠে আয়োজিত আরেকটি জনসভায় অংশ নিয়ে রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মিজানুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা করেন। দুই জনসভাতেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

এমআর//