ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২১ ১৪৩২

নীরব প্রস্তুতিতে ঈদের সিনেমা ‘মালিক’:শুভ–মিম জুটি নিয়ে গুঞ্জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

ঢালিউডের ভেতরে এখন এক ধরনের নীরব উত্তেজনা কাজ করছে। এখনো পর্যন্ত পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি—তবুও ইন্ডাস্ট্রির বিভিন্ন স্তরে একটি খবরই বারবার আলোচনায় উঠে আসছে।

শোনা যাচ্ছে, আসন্ন ঈদকে লক্ষ্য করে একটি বড় বাজেটের চলচ্চিত্র “মালিক” নিয়ে নীরবে প্রস্তুতি চলছে।

ইন্ডাস্ট্রি সূত্রে জানা যাচ্ছে, এই ছবির মাধ্যমে বহু বছর পর আবারও একই পর্দায় ফিরতে পারেন ঢালিউডের আইকনিক সুপারস্টার আরেফিন শুভ এবং জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দীর্ঘদিন পর এই দুই তারকার সম্ভাব্য মুখোমুখি উপস্থিতি ঘিরেই মূলত আলোচনা তুঙ্গে। যদিও সংশ্লিষ্ট কোনো পক্ষই এখনো বিষয়টি নিশ্চিত করেনি, তবু এই সম্ভাবনাই দর্শক ও ইন্ডাস্ট্রির ভেতরে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

সূত্র আরও বলছে, ছবিটির পরিচালনায় থাকতে পারেন সুপরিচিত নির্মাতা সাইফ চন্দন। প্রযোজনার দায়িত্বে নাকি রয়েছে ডিভাইন মাল্টিমিডিয়া, প্রযোজক হিসেবে আলোচনায় মোজ্জেম হোসেন শাওন & এবং নির্বাহী প্রযোজক হিসেবে শোনা যাচ্ছে ব্যারিস্টার সানজিদ আফফান–এর নাম। তবে এখনো পর্যন্ত এসব তথ্যের কোনোটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে “মালিক” হতে পারে আসন্ন ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা। এমনকি কেউ কেউ বলছেন—এই প্রজেক্ট ঢালিউডের সাম্প্রতিক বক্স অফিস রেকর্ড ভাঙার সক্ষমতাও রাখে।

এমআর//