ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২১ ১৪৩২

ক্যান্ট চেকপোস্টে সেনাসদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন জামায়াত প্রার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৪:০৩ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

ঢাকা-১৭ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী স ম খালিদুজ্জামান গানম্যানসহ ঢাকা সেনানিবাসের ভেতরে প্রবেশের চেষ্টা করে দায়িত্বরত সেনাসদস্যদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়েছেন।

ক্যান্টনমেন্টে অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের নিয়ম নেই বলা হলেও সেনাসদস্যের সঙ্গে বাকবিতণ্ডা করতে দেখা যায় এই প্রার্থীকে।

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, খালিদুজ্জামান যখন ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন, তখন তার পরিচয় জানতে চাওয়া হয়। এ সময় প্রার্থীর সঙ্গে থাকা একজন বলেন, ‘ভাই উনি হলেন এই আসনের এমপি ক্যান্ডিডেট। ঠিক আছে?’

কোন দলের স্যার? এমন প্রশ্ন রাখেন ক্যান্টনমেন্টে প্রবেশপথে থাকা সেনাসদস্য। তখন জবাবে বলা হয়, জামায়াতে ইসলামীর।

সেনাসদস্য বলেন, ‘বুঝতে পেরেছি স্যার। আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার স্বার্থে গান নিয়ে...।’ খালিদুজ্জামান বলেন, ‘আপনারা তো গান নিয়ে বসে আছেন। তারেক জিয়ার (বিএনপি চেয়ারম্যান তারেক রহমান) ক্ষেত্রে তো আপনারা জিহ্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন। আমরা কেন যেতে পারব না...।’

প্রার্থী বলেন, ‘আপনারা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। পরিকল্পিতভাবে ধ্বংস করছেন। বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করছেন। প্রয়োজনে আমি সেনাপ্রধানের সঙ্গে কথা বলব।’

পরে এমপি পদপ্রার্থী ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলতে চান। খালিদুজ্জামান সেখানে দায়িত্বে থাকা সেনাসদস্যকে বলেন, আমার সঙ্গে (ঊর্ধ্বতনের) কথা বলিয়ে দেন।’

এরপর এমপি পদপ্রার্থীর কাছে মোবাইলটি দেওয়া হয়। খালিদুজ্জামান ফোনের অপরপ্রান্তে থাকা কর্মকর্তাকে বলেন, ‘আমি এএম খালিদুজ্জামান ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী। আমি সেনাপ্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই। আপনাদের অফিসারের সঙ্গে কথা বলতে চাই। নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিয়েছে গানম্যান। আবার আপনি আমাকে যেতে দেবেন না কেন?

শেষে জামায়াত প্রার্থী বলেন, ‘এখন আমি বাইরে গিয়ে কী করব। ব্যাক করে দেন। আমি চলে যাই।’ এরপর ওই জামায়াত প্রার্থী গাড়িতে উঠে চলে যান।

এমআর//