সাইবার অপরাধ দমনে আইনি উদ্যোগের বিকল্প নেই : জামায়াত আমির
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
মূলত, নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে এই পোস্ট দেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ভেরিফায়েড এক্স আইডি যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করি, এখন ন্যায়বিচারও পাব—যা অত্যন্ত প্রয়োজন। সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে এ ধরনের আইনি পদক্ষেপের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে।’
পোস্টে তিনি বলেন, ‘আশা করি, এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। আইনের বাস্তব প্রয়োগ দেখার অপেক্ষায় আছি। অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।’
উল্লেখ্য, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) আটক করেছে।
এমআর//
