নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, সে বিষয়ে বিস্তারিত অবহিত হয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে তিনি নির্বাচনী নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তায় জানানো হয়, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শোনেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সরাসরি আলোচনার মাধ্যমে এসব প্রস্তুতির বিষয়ে অবহিত হওয়ায় তিনি সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান।
নির্বাচনী নিরাপত্তার পাশাপাশি বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। দুই দেশের মধ্যে নিরাপত্তা–সংশ্লিষ্ট বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা ও গুরুত্বও বৈঠকে উঠে আসে।
এমআর//
