ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২২ ১৪৩২

ফুলবাড়ী সীমান্তে দুটি বিদেশি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৪১ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ফুলবাড়ী বিজিবি ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি।

কোতয়ালী থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী নামক স্থানে বিজিবির টহল দল ৪ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে সীমান্ত পিলার ৩০৮/১৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন চোরাকারবারিকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে। তাদের ঘেরাও করার প্রস্তুতি নিলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ছয়টি মালামালভর্তি বস্তা ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। 

পরে বস্তাগুলো তল্লাশি করে দুটি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত বস্তাগুলো থেকে ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমলকুল জব্দ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আমিনুর রহমান, সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, পিবিজিএমএসসহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এএইচ