ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৩ ১৪৩২

ক্ষমতায় গেলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে: জামায়াত আমির

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪২ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে জনগণের ভোটে আল্লাহ যদি জামায়াতে ইসলামিকে ক্ষমতায় আনেন, তাহলে সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা ১১-দলীয় জোট আয়োজিত নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশের ১৮ কোটি মানুষকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে নির্যাতন করেছে। মানুষের প্রতি তাদের কোনো মায়া-মমতা না থাকায় আন্দোলনের সময় নির্বিচারে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়েছে। 

তিনি বলেন, জামায়াতে ইসলামী আন্দোলনের সব শহীদ পরিবারের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে এবং সব আহতের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছে। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহতদের পাশে আরও আন্তরিকভাবে দাঁড়ানোর দাবি জানান।

তিনি আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে এই সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এবং এরপর যার যার অবস্থানে ফিরে যাবে।

এ সময় তিনি জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানুষের আস্থার মূল্য দিতে হবে। দুর্নীতিবাজ বা চাঁদাবাজ হওয়া যাবে না। ঘুষ ও কেলেঙ্কারিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। মানুষের ভালোবাসার মর্যাদা রক্ষা করতে হবে।

নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সাদেকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এমআর//