ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৪ ১৪৩২

নবম পে স্কেলের দাবিতে আন্দোলন, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩২ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী আন্দোলনকারীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দিয়েছে পুলিশ।

 শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন আন্দোলনরতরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ দফায় দফায় বাধা দেয় তাদের।

পুলিশ এক পর্যায়ে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনরতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের দিকে এগিয়ে যান। এদিন বেলা ১১টার পর তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। পুলিশ এ সময় জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এমনকি আন্দোলনকারীদের কয়েকজনকে আহত অবস্থায় পুলিশকে নিয়ে যেতে দেখা গেছে। 

আন্দোলনকারীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘অফিস না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘অবিলম্বে পে স্কেল, দিতে হবে দিয়ে দাও,’ ‘যমুনারে যমুনা, পে স্কেল ছাড়া যাব না’ বলে স্লোগান দিচ্ছেন।

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরতরা এসেছেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ। ব্যারিকেডের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করছেন আন্দোলনরতরা। বাংলামোটর থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

 শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সকাল ১০টার পর সরকারি কর্মচারীরা শাহবাগ মোড় অবরোধ করলে আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাঁদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করা হলেও শোনেননি। পরে পুলিশ ধাওয়া দিলে ও জলকামান ছুড়লে আন্দোলনকারীরা সরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়।

এমআর//