ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৪ ১৪৩২

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত অন্তত ১০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

ভোলা-৪ আসনের মনপুরা উপজেলার নির্বাচন প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন বিএনপির সমর্থক মো. গণিমাঝি, রাসেল হাওলাদার ও গণিমাঝির মা। অপরদিকে জামায়াত সমর্থকদের মধ্যে আহত হয়েছেন— মো. ইদ্রিস, মো. রুবেল, তারেক, মাওলানা শরীফ ও মো. সাদ্দাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীকের নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। একই সময়ে জামায়াতের নেতাকর্মীরাও সেখানে পৌঁছে প্রচারণা চালাতে থাকেন। একপর্যায়ে দু’দলের মধ্যে কথাকাটাকাটি ও বিতর্কিত স্লোগান বিনিময় শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতাহাতি ও সংঘর্ষে পরিণত হয়।

জামায়াতে ইসলামীর উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম অভিযোগ করে বলেন, ‘নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এতে জামায়াতের প্রায় পাঁচজন আহত হন।’

অন্যদিকে বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন বলেন, ‘ভোট চাওয়ার নামে জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হন।’

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, ‘সংঘর্ষের ঘটনার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এমআর//