ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬,   মাঘ ২৪ ১৪৩২

যাত্রাবাড়ীতে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মাসুম গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটি কলোনিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট মাসুম ওরফে পিচ্চি মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ২ টা থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টা পর্যন্ত অভিযান চালিয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের চৌকশ আভিযানিক দল আসামিকে গ্রেপ্তার করে। 

সেনা সূত্র জানায়, অভিযানের শুরুতে মাসুমের সহযোগী নাইম (৩৩) কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইমের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আরেকটি পৃথক অভিযান পরিচালনা করে পিচ্চি মাসুমকে তার গোপন আস্তানা থেকে আটক করা হয়।

মাসুমকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য এবং পূর্ববর্তী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধলপুর এলাকায় একযোগে আটটি স্থানে অভিযান চালানো হয়। এতে মাসুমের আরও দুই সহযোগী নাসির (৩২) ও রাজু (৩২) কে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় মাসুম এবং তার সহযোগী রাসেল ও আলামিনের বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

সেনা সূত্র জানায়, অভিযানে যুক্তরাষ্ট্রে তৈরি একটি SIG Sauer M17 পিস্তল, একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, একটি রিভলবার, হেরোইন, গাঁজা, দেশীয় অস্ত্র, নগদ অর্থ এবং ১৬টি মোবাইল ফোনসহ সিম ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে।

এদিকে মাসুমের আরও কয়েকজন সহযোগী বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। পলাতকরা হলেন আলামিন (৩৫), হারুন (৪৭), রাসেল ওরফে চশমা রাসেল (৩৯), সাগর (৩১) ও আম্বিয়া (৪৪)। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এমআর//