যমুনা অভিমুখে যাত্রাকালে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। তাদের দাবি, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকে আঘাত করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার সময় এ ঘটনা ঘটে। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে নেতাকর্মীরা ইনকিলাব মঞ্চের যমুনা অভিমুখে যাত্রা করেন।
আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে যমুনার সামনে অবস্থান করছে ইনকিলাব মঞ্চের নেতারা।
এমআর//
