শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ নাগরিক ছাত্র ঐক্যের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৮ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নাগরিক ছাত্র ঐক্যের সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেনের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি।
এক বিবৃতিতে নাগরিক ছাত্র ঐক্য জানায়, ন্যায়বিচারের দাবি জানানো কোনো অপরাধ নয়। অথচ সেই ন্যায্য দাবি দমন করতে গিয়ে পুলিশি হামলায় মোশাররফ হোসেন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জুমাসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, এ হামলা কেবল একজন ব্যক্তির ওপর নয়; বরং মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকদের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করার শামিল। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নাগরিক ছাত্র ঐক্য অবিলম্বে হামলায় জড়িত পুলিশ সদস্যদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এবং আহত মোশাররফ হোসেনসহ সকল আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানায়।
সংগঠনটি আরও জানায়, শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং দমন-পীড়নের মাধ্যমে ন্যায়বিচারের দাবি স্তব্ধ করা যাবে না।
বিবৃতিতে নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক মোহাম্মদ ফজলে রাব্বী ও সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন স্বাক্ষর করেন।
এমআর//
