টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৮:২৮ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
গাজীপুরের টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক মা ও ছেলে নিহত হয়েছেন।
শনিবার বিকালে টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমনিরহাটের জান্নাতী বেগম ও তার আড়াই বয়সী ছেলে জুনায়েদ। নিহত জান্নাতী বেগম তার স্বামী শামীম হোসেনকে নিয়ে টঙ্গী পূর্ব থানার তিস্তারগেইট এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর শিলমুন এলাকায় রেললাইনে হাঁটার সময় ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে জান্নাতী ও তার শিশুসন্তান মারা যান। ঘটনাটি স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ রহিমা আক্তার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ
