রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা বিএনপি মহাসচিব ও জামায়াত প্রার্থীর
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ১২:১০ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
সাবেক মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শেষকৃত্যের আগে প্রয়াতকে শ্রদ্ধা জানাতে তার রুহিয়ার বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঠাকুরগাঁও-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা দেলাওয়ার হোসেন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমেশ চন্দ্র সেনের মরদেহ ঠাকুরগাঁওয়ের রুহিয়ার তার নিজ বাসভবনে নেওয়ার পর থেকেই সেখানে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের ভিড় জমতে থাকে। আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ শেষবারের মতো প্রিয় নেতাকে এক নজর দেখতে ভিড় করেন।
শেষকৃত্যের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়াত রমেশ চন্দ্র সেনকে শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এর কিছু সময় পর জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনও প্রয়াতকে শেষবারের মতো দেখতে যান।
এছাড়াও আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও প্রয়াতকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
এর আগে, রমেশ চন্দ্র সেন দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে শনিবার সকাল ৯টা ১০ মিনিটে তাকে কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে সাবেক এই সংসদ সদস্যের বয়স হয়েছিল ৮৫ বছর।
এএইচ
